

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের ২ নম্বর সিএনবি হাইওয়ে সড়কের পশ্চিম পাশে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা ১ বছর বয়সী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে আনুমানিক দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রাকিব (৪০), যিনি ডেনিমেক্স নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাবার নাম সেকেন্দার আলী ব্যাপারী। তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী তাদের শিশুপুত্রকে নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী প্রাণ হারান। এ সময় তাদের সঙ্গে থাকা ১ বছর বয়সী শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved