

নজমুল হক, গাজীপুর
গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২ টা ৫০ মিনিটের সময় তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থী ইফতেখার হোসেন সিয়াম (১৪) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বন্দোবের গ্রামের নজরুল ইসলাম আকাশের ছেলে। তিনি বাবা মায়ের সাথে কোনাবাড়ি পারিজাত এলাকায় বসবাস করে কোনাবাড়ি আইডিয়াল হাইস্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করতেন।
পারিবারিক সূত্রে জানা যায় নিহত শিক্ষার্থী কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন। জ্বর বাড়লে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে কোনাবাড়ি শরীফ জেনারেল হাসপাতালে গত শুক্রবার ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল রোববার রাত দশটার সময় তাকে রেফার্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ঃ৫০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা মোঃ সেলিম মিয়া জানান,রাতেই লাশ কোনাবাড়ি পারিজাত এলাকায় ভাড়া বাসায় নিয়ে আসা হয়। পরে ওই রাতেই কুড়িগ্রাম এর উদ্দেশ্যে রওয়ানা করা হয়। তিনি বলেন আজ ভোরে এসে গ্রামের বাড়িতে পৌঁছেছি। উল্লেখ্য গত ২৫ আগস্ট কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় সুমাইয়া আক্তার ও ৪ সেপ্টেম্বর মোহনা আক্তার নামে আরও দুই শিক্ষার্থী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় জুড়ে চরম আতংক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই কোনাবাড়ির বিভিন্ন অলিগলি ও আবাসিক এলাকায় মশার উপদ্রব আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। সঠিক সময়ে জমে থাকা পানি পরিষ্কার না করা এবং মশা নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারণেই ডেঙ্গু পরিস্থিতি অবনতি ঘটছে বলে অভিযোগ করেন তারা।
2026 © Amar Dorpon. All Rights Reserved