
জনি হাসান
দেশে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এর দাম। ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা। রোববার ১৯ এপ্রিল এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। এর আগে চলতি মাসের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গ্যাসের মূল্যবৃদ্ধি হলো।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির প্রভাবেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালি ঘিরে সংকট, এবং অঞ্চলটিকে ঝুঁকিপূর্ণ জোনে পরিণত হওয়ায় এলপিজি বহনকারী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
এছাড়া বিকল্প উৎস থেকে আমদানিতে সময় ও ব্যয় বৃদ্ধি, জ্বালানি খরচ বৃদ্ধি, এবং যুদ্ধ পরিস্থিতির কারণে বিমা ও নিরাপত্তা ব্যয় বেড়ে যাওয়ায় এলপিজি আমদানিতে চাপ তৈরি হয়েছে।
এসব কারণে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির ক্ষেত্রে জাহাজ ভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
ফলে আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে দেশের ভোক্তাপর্যায়ের জ্বালানি খাতে।
2026 © Amar Dorpon. All Rights Reserved