

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক, স্থানীয় গণমানুষের পরিচিত মুখ এবং তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ নূরুল আমীন আকন্দ। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় এই নেতা এবার ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে নূরুল আমীন আকন্দ বলেন, "ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। উৎসবের এই আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই আমার প্রত্যাশা।"
ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "তেলিহাটি ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির সংকট দূরীকরণ এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে এখনো অনেক কাজ বাকি। জনগণের সঠিক সমর্থন পেলে একটি পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন ও সর্বস্তরের মানুষের জন্য জবাবদিহিমূলক জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।"
স্থানীয় বাসিন্দাদের মতে, নূরুল আমীন আকন্দ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সংকট ও সামাজিক সমস্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি সর্বস্তরের মানুষের মাঝে একটি শক্ত গ্রহণযোগ্যতা তৈরি করেছে।
আসন্ন ঈদুল আজহায় পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়ে এই বিএনপি নেতা বলেন, "কুরবানির পর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে পরিবেশ দূষণ করা যাবে না। আমাদের সবাইকে নিজ দায়িত্বে নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ করতে হবে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।" একই সাথে তিনি যুবসমাজকে মাদক ও অপরাধের অন্ধকার থেকে দূরে রেখে সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
তেলিহাটি ইউনিয়নের সচেতন মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসেবার প্রতিশ্রুতির কারণে স্থানীয় রাজনীতিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নূরুল আমীন আকন্দকে নিয়ে সাধারণ মানুষের মাঝে পজিটিভ আলোচনা ও আগ্রহ দিন দিন বাড়ছে।
সবশেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
2026 © Amar Dorpon. All Rights Reserved