

আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক মা ও তার মেয়ে। খবর পেয়ে আহতদের দেখতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি চিকিৎসাধীন ভুক্তভোগীদের খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
আহতরা হলেন— শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকার আতিকুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম এবং তাদের কন্যা বিথি আক্তার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ এবং তার সহযোগীরা এই হামলা চালিয়েছে। হামলার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের স্বজনদের সান্ত্বনা দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, "মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, ঘটনাটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।"
সংসদ সদস্যের পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পীরজাদা এস এম রুহুল আমিন, আব্দুল মোতালেব, হুমায়ুন কবির সরকার, মোসলেম উদ্দিন মৃধা, আনোয়ার বেপারী ও বিল্লাল হোসেন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা বলেন, জমিজমা বা যেকোনো বিরোধের সমাধান সহিংসতা নয়, বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।
এদিকে, জনাকীর্ণ এলাকায় মা-মেয়ের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আহত পরিবারের সদস্যরাও বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved