

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ছাত্রলীগ নেতা পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় অবরুদ্ধ ওই কর্মকর্তা ও আহত লাইনম্যানদের উদ্ধার করা হয়। বুধবার(১০ জুন) বিকালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের কর্মকর্তা ও লাইনম্যানদের সাথে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহাঙ্গীর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
মাওনা জোনাল অফিসের ইঞ্জিনিয়ার সজীব আহমেদ বলেন, গোদার চালা এলাকায় ইকবাল মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলমের নামে এম সি বাজার এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ সংযোগ বকেয়া থাকার কারণে গত প্রায় দুই বছর আগে বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন লাইনের সরঞ্জামাদি খুলে আনার জন্য একাধিকবার গেলেও জাহাঙ্গীরের বাঁধার কারণে তা খুলে আনা সম্ভব হয়নি।
বুধবার বিকেলে মাওনা জোনাল অফিসের এজিএম আতিকুর রহমানসহ আমরা ওই সরঞ্জামাদির খুলে আনতে গেলে জাহাঙ্গীর তার সাঙ্গোপাঙ্গ নিয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের গাড়ি এবং খুলে আনা সরঞ্জামাদি ভেঙ্গে ফেলে। এসময় লাইনম্যান তাহেরুল ইসলাম(৩২) গ্রেড-১ আহত হয়।
মাওনা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শান্তনু রায় জানান,নিয়ম মাফিক সংযোগ বিচ্ছিন্ন লাইনের সরঞ্জামাদি খুলে আনতে গেলে আমাদের এজিএম ইঞ্জিনিয়ার এবং চারজন লাইন ম্যানকে হেনস্থাসহ গাড়ি ও সরঞ্জামাদি ভাঙচুর করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম জানান,খবর পেয়ে পুলিশের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved