

রিয়াজুল হক সাগর, রংপুর
গাইবান্ধা একটি রেস্টুরেন্টে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় আমির উদ্দিন (৫০) নামে রেস্টুরেন্টের অভিযুক্ত এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দুপুরে জেলা সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজসংলগ্ন (বাঁধসংলগ্ন নদীর তীর) এলাকার ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে।
হেফাজতে থাকা অভিযুক্ত আমির একই উপজেলার দাড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি জাফলং রেস্টুরেন্টের ম্যানেজার। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি রেস্তোরাঁটির পার্শ্ববর্তী বাইরবন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ওই রেস্টুরেন্টে বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে অভিযোগ ছিল।
স্থানীয়রা জানান, আজ দুপুরে শিশুটিকে কৌশলে রেস্তোরাঁর ভেতরে ডেকে নিয়ে যান ম্যানেজার আমির হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা রেস্তোরাঁটি ঘিরে ফেলে অভিযুক্ত আমিরকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
এ ব্যাপারে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। অভিযোগ পেলে অভিযুক্ত আমিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে রওনা দেই। কিন্তু ঘটনাস্থলের কিছুটা আগেই স্থানীয় উত্তেজিত জনতার বাধার মুখে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।
2026 © Amar Dorpon. All Rights Reserved