

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে শ্রীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল লেখকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এ-চালান পদ্ধতি এবং সরকারি ফি নির্ধারণের সর্বশেষ নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রবিবার (৫ জুলাই) শ্রীপুর দলিল লেখক সমিতির সেডে আয়োজিত এ সভায় শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার জনাব মো. সোহেল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় দলিল লেখক সমিতির সকল সদস্য অংশগ্রহণ করেন।
সভায় সাব-রেজিস্ট্রার মো. সোহেল রানা বলেন, "সরকারের ডিজিটাল সেবা নিশ্চিতের লক্ষ্যে এখন থেকে দলিলের সকল ফি বাধ্যতামূলকভাবে এ-চালানের মাধ্যমে জমা দিতে হবে। এতে করে দুর্নীতির সুযোগ কমবে এবং সেবা গ্রহীতারা তাৎক্ষণিকভাবে ফি জমার রশিদ হাতে পাবেন।"
তিনি দলিল লেখকদের এ-চালান ফরম সঠিকভাবে পূরণ ও অনলাইনে জমা দেওয়ার প্রক্রিয়াটি হাতে-কলমে বুঝিয়ে দেন।
সভায় দলিলের প্রকৃতি অনুযায়ী স্ট্যাম্প শুল্ক, রেজিস্ট্রেশন ফি, এন-ফি, স্থানীয় কর এবং আয়কর বা উৎস করের সর্বশেষ হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সাব-রেজিস্ট্রার দলিল লেখকদের সতর্ক করে দিয়ে বলেন, “সেবা গ্রহীতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারি ফি-এর চার্ট বা তালিকা আপনাদের চেম্বারের দৃশ্যমান স্থানে অবশ্যই টাঙিয়ে রাখতে হবে।”
দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ এ-চালান পদ্ধতিকে সাধুবাদ জানিয়ে বলেন, “সাব-রেজিস্ট্রার মহোদয় আমাদের বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এই নির্দেশনার ফলে আমরা এখন সাধারণ মানুষের সেবা প্রদানে আরও আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারব।”
2026 © Amar Dorpon. All Rights Reserved