

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার 'কালার অ্যান্ড কোং লিমিটেড' নামক পোশাক কারখানায় এক রহস্যজনক ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ বিষয়টিকে ‘জ্বিনের আছর’ বলে দাবি করলেও, এর প্রকৃত কারণ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও রহস্য।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার কারখানাটিতে প্রথম দফায় অন্তত ৭০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার সকাল থেকে একই উপসর্গে আরও ৩৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের বেশিরভাগই বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা ও বমি বমি ভাবের কথা জানিয়েছেন। অনেকের শ্বাসকষ্ট শুরু হওয়ায় এবং জ্ঞান হারিয়ে ফেলায় দ্রুত তাদের মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার কারণ উদ্ঘাটনের পরিবর্তে কারখানা কর্তৃপক্ষের বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সঞ্জীব দাবি করেছেন, শ্রমিকদের ওপর ‘জ্বিনের আছর’ পড়েছে। এই বিশ্বাস থেকে কারখানায় একাধিক ইমাম এনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষের এমন বৈজ্ঞানিক ব্যাখ্যাহীন আচরণে শ্রমিক ও সচেতন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
কারখানার সুইং অপারেটর মো. হাবিব বলেন, “সকাল থেকেই ৫০-৬০ জন শ্রমিক নতুন করে অসুস্থ হয়েছেন। আমাদের উপসর্গ একই—বুকে ব্যথা, মাথা ঘোরা ও বমি। কারখানার পরিবেশ বা কোনো রাসায়নিকের প্রভাবে এমনটা হচ্ছে কি না, তা নিয়ে আমরা আতঙ্কিত।”
২১ শতকের আধুনিক যুগে পোশাক কারখানায় কুসংস্কারাচ্ছন্ন ব্যাখ্যা দিয়ে বড় ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। দ্রুত বিষয়টি আমলে নিয়ে স্বাস্থ্য বিভাগ এবং শিল্প পুলিশের মাধ্যমে নিরপেক্ষ বৈজ্ঞানিক তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিক ও এলাকাবাসী।
2026 © Amar Dorpon. All Rights Reserved