

নজমুল হক, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।১২জুলাই রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকালের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সংবাদে বাউবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবু তালেব গভীরভাবে শোকাহত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। এক শোকবার্তায় বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতিতে প্রজ্ঞা, সততা, শালীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, অভিজ্ঞ প্রশাসক এবং শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে তিনি দেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তাঁর নিরপেক্ষতা, বিচক্ষণতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁরা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রী হিসেবে দেশের শিক্ষা উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা জানাচ্ছে, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved