

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপাসিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক। পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ করেন।
প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে শুকনো খাবারসহ ১০ কেজি চাল, ডাল, চিনি, তেল ও মসলা দেওয়া হয়। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীর পুনর্বাসনের জন্য ১০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে নবাগত ইউএনও হাফিজুল হক বলেন, "এই আকস্মিক দুর্ঘটনায় ব্যবসায়ীদের যে বিশাল ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। উপজেলা প্রশাসন শুরু থেকেই আপনাদের পাশে আছে এবং যেকোনো সংকটে সবসময় পাশে থাকবে। পরবর্তীতে আরও সরকারি বরাদ্দ আসলে তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।"
পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা পিআইও অফিসের কর্মকর্তাবৃন্দ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
2026 © Amar Dorpon. All Rights Reserved