

এস এম জহিরুল ইসলাম
গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃতি সন্তান ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তায় দীর্ঘদিনের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’ লাভ করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত নিসচা’র ১১তম মহাসমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।অনুষ্ঠানে নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে এবং মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আজীবন সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের সন্তান লায়ন গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং গণমাধ্যমে নিয়মিত কলাম ও প্রবন্ধ লেখার মাধ্যমে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
সামাজিক, মানবকল্যাণমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় লায়ন গনি মিয়া বাবুল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর এ অর্জনে গাজীপুরের শ্রীপুরবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved