

আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও তরুণ সমাজসেবক মো. নাসিম মন্ডল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেওয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আমীরউদ্দিনের সভাপতিত্বে এবং খোরশেদের পরিচালনায় সভায় এলাকার নানা শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত নাগরিকেরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার, কিশোর অপরাধ এবং নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. নাসিম মন্ডল বলেন, “একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শ্রীপুর পৌরসভা গড়ে তুলতে জনগণের সরাসরি অংশগ্রহণের বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে শুধু আইনি পদক্ষেপ নয়, খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।” তিনি আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে শ্রীপুরের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও সেবা সুনিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
উক্ত মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক তরুণ উপস্থিত ছিলেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved