

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ চকপাড়া এলাকায় এক শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে কোনো একসময় এ চুরি হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী আসমা আক্তার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষিকা। তাঁর স্বামী শামীম সরকার। আসমা আক্তারের অভিযোগ, ঘটনার সময় তাঁর ছেলে-মেয়ে দুজনই বাড়ির বাইরে ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৮ হাজার টাকা ও প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন। এ ছাড়া একটি মানিব্যাগ, কিছু কাগজপত্র এবং ভিভো ভি২৩ই মডেলের একটি মোবাইল ফোনও চুরি হয়েছে বলে জানান তিনি। মোবাইলটির আনুমানিক মূল্য ২৯ হাজার টাকা।
এ ঘটনায় আসমা আক্তার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানা গেছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved