

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও ভাঙচুরের ঘটনার জেরে ‘এম এম নিট ওয়্যার লিমিটেড’ ও ‘মামুন নিট ওয়্যার লিমিটেড’ নামের দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা ও কারখানার সম্পদ রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর ) সকালে কারখানা দুটির প্রধান ফটকে কর্তৃপক্ষের স্বাক্ষরিত বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
এম এম নিট ওয়্যার লিমিটেডের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিকেরা কাজে যোগদান থেকে বিরত থাকেন। কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাঁরা কারখানায় উপস্থিত থেকে কাজ বন্ধ রাখেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন ফ্লোরের অন্য শ্রমিকদের নিচে নামিয়ে এনে কারখানার ভেতরে উচ্ছৃঙ্খলভাবে ভাঙচুর চালিয়ে চলে যান। নোটিশে আরও বলা হয়, একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকেও শ্রমিকেরা পুনরায় কর্মবিরতি শুরু করেন এবং কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করেন, যা বেআইনি ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানার জানমাল ও সম্পত্তি রক্ষার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী সময়ে কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved