

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় এক কৃষকের পরিবারের ওপর হামলা, মারধর, বসতবাড়িতে ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই পরিবারের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ারও চেষ্টা চালায় এবং আশপাশের আরও কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের ছেলে মো. সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টেপিরবাড়ি গ্রামের আতাউল্লাহর ছেলে মো. সাকিব (২৫), মো. মারুফ (২৩) ও মো. মাহফুজ (২১)-এর নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
গত শনিবার রাত ১০টার দিকে ১নং অভিযুক্ত সাকিব ও তাঁর সহযোগীরা এক ভাড়ারিয়ার মোবাইল ফোন রাস্তা থেকে ছিনতাই করার সময় আশপাশের লোকজন তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। এ সময় স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ওই ঘটনার জের ধরে একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত সাকিব, মারুফ, মাহফুজসহ অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র—যেমন দা, ছুরি, লাঠি ও লোহার রড নিয়ে সজীব ফকিরের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ঘরের দরজা, জানালা ও প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে প্রায় ২ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আলমারি ভেঙে নগদ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বাধা দিলে বাদী সজীব ফকির ও তাঁর ছোট ভাই মো. আশিককে (২৪) এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়।পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ও অন্যান্য বাড়িতে হামলা করে।
যাওয়ার সময় হামলাকারীরা বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়াও ঘটনার সময় ফুফু, চাচা, ফুফাতো ভাই ও চাচাতো ভাইদের বাড়িসহ মোট ছয়টি বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করা হয়।
ঘটনার পর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে কর্তব্যরত পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে এবং পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved