

আসাদুজ্জামান শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে গাজীপুরের শ্রীপুরে ৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।
বিশ্ব সাদা ছড়ি দিবস উদ্যাপন উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমারা মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী জাগরণ সংস্থা।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী জাগরণ সংস্থার সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সাবেক ছাত্রনেতা ও মেয়র পদপ্রার্থী মো. নাসিম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি বাচ্চু মিয়া, শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, নাগরিক উন্নয়ন সংগঠনের সমন্বয়ক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল ও পৌর জাসাসের যুগ্ম আহ্বায়ক রনি খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচল, স্বাভাবিক জীবনযাপন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সাদা ছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা না করে তাদের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে প্রধান অতিথি ৫০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদা ছড়ি তুলে দেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved