

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন রাজারহাট উপজেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ্ব মো. শাহাজাহান আলী (অব.)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্পোরাল এসএম কামরুল হাসান (অব.)-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজর (অব.) ইউনুছ আলী।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন ও সিনিয়র সহ-সভাপতি অনারারি ক্যাপ্টেন আলহাজ্ব মো. মহসিন আলম।
বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, দেশপ্রেম, শৃঙ্খলা ও মুক্তিযুদ্ধের চেতনায় সশস্ত্র বাহিনীর গৌরবময় অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। শেষে প্রীতিভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
2026 © Amar Dorpon. All Rights Reserved