

নজমুল হক গাজীপুর
দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে পরিচালিত নৈরাজ্য, সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।
এক বিবৃতিতে ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ মন্ডল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবু তালেব বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সন্ত্রাস, উসকানি ও সহিংসতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অধিকার নেই। বাংলাদেশ কোনো সন্ত্রাস, নৈরাজ্য কিংবা ফ্যাসিবাদী অপশক্তির নয়; বাংলাদেশ এ দেশের শান্তিপ্রিয় জনগণের। তাঁরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা নিরসনের পথ কখনোই সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জানমালের ক্ষতিসাধন হতে পারে না। নেতৃবৃন্দ সরকারের প্রতি দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা এবং একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান। বিবৃতিতে তাঁরা শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবীসহ সর্বস্তরের নাগরিকদের গুজব, উসকানি ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
*নেতৃবৃন্দের প্রত্যাশা—প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; সংঘাত নয়, সম্প্রীতি; নৈরাজ্য নয়, শান্তি এবং স্বৈরাচার নয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
2026 © Amar Dorpon. All Rights Reserved