

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:
মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামি সম্মেলন-২০২৭ ইং উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা মিশন টিমের তত্ত্বাবধানে ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে লাকসাম উপজেলা জাকের পার্টির উদ্যোগে উপজেলার অঞ্চলভিত্তিক দুটি দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১১টায় মুদাফফরগঞ্জে এবং বিকেল ৩টায় লাকসাম উপজেলা জাকের পার্টির কার্যালয় সংলগ্ন মেসার্স জেএম মোটরস ইবাদত ও খেদমত ক্যাম্পে দ্বিতীয় দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র খতমে মিলাদ শরীফ পাঠ করা হয়। পরবর্তীতে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামি সম্মেলন-২০২৭-এর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উক্ত মহাসম্মেলনে যোগদানের জন্য আন্তরিক আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরবর্তী উপস্থিত সবার মাঝে পবিত্র তাবারুক বিতরণ করা হয়।দাওয়াতি মিশনে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার। যুগ্ম মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।
এছাড়াও মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী এবং কুমিল্লা সাংগঠনিক বিভাগ তালাবা ফ্রন্টের সভাপতি তাসলিমুল ইসলাম রিমনসহ লাকসাম উপজেলা জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃষ্টিবিঘ্নিত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুটি দাওয়াতি মিশনের সফল আয়োজনের মধ্য দিয়ে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ও বিশ্ব ইসলামি সম্মেলন-২০২৭-এর দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
2026 © Amar Dorpon. All Rights Reserved