

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বহিরাগতদের হামলার প্রতিবাদ ও নতুন বেতন কাঠামোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের নয়নপুর এলাকায় ডিবিএল সিরামিক কারখানার সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ, বিজিবি ও এসআরবির (SRB) যৌথ অভিযানে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা যথানিয়মে কাজে যোগ দেন। তবে সকাল ১০টার দিকে হঠাৎ করেই ডেকো গার্মেন্টস কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এর পরপরই পাশের রিদিশা নিটেক্স কারখানাতেও ছুটি দেওয়া হয়। ছুটি শেষে হাজারো শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে এলে লাঠিসোঁটা নিয়ে একদল বহিরাগত তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এই হামলার প্রতিবাদে এবং নতুন বেতন নির্ধারণের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকেরা বেলা সাড়ে ১১টার দিকে নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় শ্রমিকেরা সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, “নয়নপুর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।”
2026 © Amar Dorpon. All Rights Reserved