

মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ২০২৭-২০২৯ মেয়াদের জন্য বিভিন্ন মৌজার স্থাবর সম্পত্তির শ্রেণি ও মৌজাভিত্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও ভেড়ামারা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আশ্চর্য।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা তাশফের আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন এলাকার দলিল লেখক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন মৌজার জমির শ্রেণি, অবস্থান ও মৌজাভিত্তিক স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। আগামী ২০২৭-২০২৯ মেয়াদের জন্য সম্পত্তির মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্থানীয় বাস্তবতা ও বিভিন্ন শ্রেণির জমির মূল্য বিবেচনায় নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
2026 © Amar Dorpon. All Rights Reserved