
নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাউবির উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। উপাচার্য জানান, গাজীপুরস্থ বাউবির মূল ক্যাম্পাসে ৭টি স্কুল ও ১১টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এছাড়া সারাদেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৮০টি উপ-আঞ্চলিক কেন্দ্র এবং প্রায় ১,৪৫২টি স্টাডি সেন্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫২টি ফরমাল প্রোগ্রামে তিন লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। পাশাপাশি ১৯টি নন-ফরমাল প্রোগ্রামও চালু রয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ সুবিধাজনক সময়ে স্টাডি সেন্টারে সরাসরি কিংবা অনলাইনে টিউটরদের মাধ্যমে পাঠগ্রহণের সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, দেশের একমাত্র উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা-সুযোগ থেকে বঞ্চিত ও ঝরে পড়া লক্ষ লক্ষ মানুষ এসএসসি থেকে এমফিল ও পিএইচডি পর্যন্ত ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে কর্মমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে অসংখ্য মানুষ স্বনির্ভর হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
উপাচার্য জানান, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাউবির শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার, দুবাই, ওমান ও ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রবাসী কর্মজীবী বাংলাদেশিদের জন্য এসএসসি, এইচএসসি, নিশ-২, বিএ ও বিএসএস প্রোগ্রামের স্টাডি সেন্টার চালু করা হয়েছে। এর ফলে প্রবাসীরা কর্মব্যস্ততার পাশাপাশি নিজেদের যোগ্যতা অনুযায়ী উচ্চশিক্ষা গ্রহণ করে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া এশিয়া ও ইউরোপের আরও কয়েকটি দেশে বহিঃবাংলাদেশ স্টাডি সেন্টার চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপাচার্য উল্লেখ করেন, অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উৎপাদনমুখী শিক্ষা প্রদান, স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এবং যুগোপযোগী মানসম্মত শিক্ষাব্যবস্থা বাস্তবায়নই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।
এ সময় তিনি হিট প্রকল্পের আওতায় ইউজিসির তত্ত্বাবধানে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় ব্যাচ সফলভাবে সম্পন্ন হওয়া এবং তৃতীয় ও চতুর্থ ব্যাচ শিগগিরই শুরু হওয়ার বিষয়েও চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি বলেন, বাউবির ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পাচ্ছেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়পক্ষ উচ্চশিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ইউজিসি চেয়ারম্যান গভীর মনোযোগ সহকারে উপাচার্যের বক্তব্য শোনেন এবং দেশের বিপুলসংখ্যক অশিক্ষিত ও অদক্ষ বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে কারিগরিসহ সরকারের পরিকল্পিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোঃ শামীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved