

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুরঃ
রাজধানীর পান্থপথে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ‘ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি’র (Westfield Ultrasound Academy) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে ২০২৬) সকাল ১০টায় ‘ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি’র ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আল্ট্রাসনোগ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর ডায়াগনস্টিক পদ্ধতি। চিকিৎসকদের জন্য মানসম্মত আল্ট্রাসনোগ্রাম প্রশিক্ষণ সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা চিকিৎসকদের রোগ নির্ণয়ে আরও আত্মবিশ্বাসী ও কার্যকর করে তোলে। বিশ্বের উন্নত দেশগুলোতে অনেক চিকিৎসক নিজ চেম্বারেই আল্ট্রাসনোগ্রাম সুবিধা ব্যবহার করেন, যার ফলে রোগ নির্ণয় দ্রুত ও কার্যকর হয়। এতে রোগীর সময় সাশ্রয়ের পাশাপাশি চিকিৎসকের প্রতি আস্থা ও বিশ্বাসও বৃদ্ধি পায়। প্রফেসর ড. খান বলেন, বর্তমানে এ ধরণের সেবা এখনও অনেকাংশে শহরকেন্দ্রিক। তাই প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও এ সেবা পৌঁছে দিতে হবে। দক্ষতা উন্নয়ন, প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানবসেবাকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেভাবে শিক্ষার বিস্তার ও মানবসেবার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে, তেমনি “Westfield Ultrasound Academy”-কেও স্কিল ডেভেলপমেন্ট ও মানবসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে”।
তিনি আরও বলেন, ‘সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে এবং ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে দক্ষ আল্ট্রাসনোগ্রাম প্রশিক্ষণ এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। “Westfield Ultrasound Academy” দেশের চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও অতিথিদের উদ্দেশে লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকভাবে সচেষ্ট থাকারও আহ্বান জানান উপাচার্য’। ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির কোর্স কো-অর্ডিনেটর ডা. কানিজ ফাতেমা (এমবিবিএস, এম-ফিল, নিউক্লিয়ার মেডিসিন ও অ্যালাইড সায়েন্স) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (রেডিওলজি ও ইমেজিং বিভাগের চেয়ারম্যান) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিউমার্কেট থানা সভাপতি জনাব এস এম মতিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি অধ্যাপক (মেডিকেল সায়েন্স) ডাঃ সরকার মোঃ নোমান এবং বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ফজলে বারী সোহেল এবং পাঁপড়ি। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজধানীর পান্থপথ সিগন্যাল সংলগ্ন গ্রিন রোডের গুডলাক সেন্টারে (২য় তলা) এই একাডেমিটি অবস্থিত, যা চিকিৎসকদের পেশাদার দক্ষতা উন্নয়নে বিশেষ কোর্স পরিচালনা করবে।
2026 © Amar Dorpon. All Rights Reserved