

মনজুর রহমান শান্ত
২০১৫ সালের পরে পাঠ্যবই কয়েকবার পরিমার্জনের নামে বিশ্রী রকমের পরিবর্তন করা হয়েছে। বিগত সরকারের শিক্ষামন্ত্রী একবার বলেছিলেন মাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের কাছে সহজবোধ্য এবং পাঠঃ উপযোগী করতেই বার বার পাঠ্যবই পরিবর্তন করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান বইও পরিবর্তন করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর এই উক্তির আমি বিরোধিতা করতে চাই না। আমি শুধু মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি ২০১১ সালের আগের পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান বইদুটির দিকে একবার নজর দিন আর বর্তমানে প্রচলিত পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের দিকে দৃষ্টিপাত করুন। ভালো করে দেখুন, ২০১১ সালের পূর্বের পদার্থ বিজ্ঞান বইয়ের মতো বর্তমানে প্রচলিত পদার্থ বিজ্ঞান বইতে শিক্ষনীয় কিছু আছে কিনা।
বিশদভাবে বিশ্লেষণে যাওয়ার আগে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, বর্তমানে এসএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়ে যেসব সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করা হয়, তার (গ) ও (ঘ) নং প্রশ্নের উত্তর বর্তমানে প্রচলিত পদার্থ বিজ্ঞান বইতে আছে কিনা, একটু যাচাই করে দেখুন। আগের পদার্থ বিজ্ঞান বইয়ের সাথে বর্তমান পদার্থ বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো মেলালেই বুঝতে পারবেন এটি ছাত্র-ছাত্রীদের কাছে সহজবোধ্য নাকি দুর্বোধ্য।
আমি এখানে পদার্থ বিজ্ঞান বইয়ের তরঙ্গ ও শব্দ অধ্যায়ের প্রথম পৃষ্ঠার খানিকটা অংশের বিবরণ তুলে ধরছি:
তরঙ্গ ও শব্দ অধ্যায়ের শুরুটা হয়েছে “সরল স্পন্দন গতি” শিরোনাম দিয়ে। তারপর স্প্রিং সম্পর্কে ছয় লাইনের কিছু বিবরণ দেওয়া হয়েছে। ষষ্ঠ লাইনের শেষের দিকে লেখা হয়েছে- স্প্রিং এর ধ্রুবক যদি k হয় এবং স্প্রিং এর শেষ প্রান্তের অবস্থান যদি সাম্যাবস্থান থেকে x দুরত্বে হয়, তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বল F হলে, F = - kx
প্যারার শুরুতে প্রত্যয়নী বল বা স্প্রিং ধ্রুবক সম্পর্কে কোনো বিবরণ দেওয়া হয়নি। সুত্রটা কিভাবে এলো, তাও কিছু বলা হয়নি। বলা যায়, গায়েবীভাবে এই সুত্র নাযিল হয়েছে।
এর নীচের প্যারায় আবার লেখা হয়েছে, একটি স্প্রিং এর ধ্রুবক যদি k হয় এবং স্প্রিং এর সাথে সংযুক্ত ভর যদি m হয়, তাহলে, ভরটির গতির দোলনকাল হবে,
T = 2π√(m÷k)
এর পরের প্যারায় আবার বলা হয়েছে, যদি স্প্রিং না হয়ে একটা পেন্ডুলাম হতো, পেন্ডুলামের দৈর্ঘ্য L এবং মাধ্যাকর্ষণ ত্বরণ g হলে,
T = 2π√(L÷g)
এই সূত্রগুলো কি কারণে এখানে দেওয়া হয়েছে, সে সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ধারণা দেওয়া হয়নি। মোট কথা তিনটি সুত্রই এখানে গায়েবী কায়দায় নাযিল হয়েছে।
মাননীয় শিক্ষামন্ত্রী, দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি তো দুর-দুরান্তে ছুটে বেড়াচ্ছেন। আপনার চলার গতিই বলে দিচ্ছে শিক্ষাক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন। আমরাও আশাবাদী আপনি কিছু করুন। তাই আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি ঢাকার কোন নামকরা স্কুলে গিয়ে প্রথম সারির ছাত্র-ছাত্রীদের এই পৃষ্ঠার লাইনগুলো সম্পর্কে জিজ্ঞেস করুন, তারা কিছু বুঝেছে কিনা। আমি আপনাকে শতভাগ নিশ্চয়তা দিতে পারি, আপনি নেতিবাচক জবাব পাবেন।
মাননীয় শিক্ষামন্ত্রী, শুধু এই একটা অধ্যায় নয়, পদার্থ বিজ্ঞানের প্রতিটি অধ্যায় দুর্বোধ্য এবং অপ্রাসঙ্গিক। আর এসএসসি পরীক্ষায় যেসব প্রশ্ন করা হচ্ছে তা মূল বইয়ের অধ্যায় ভিত্তিক নয়, সম্পূর্ণ গাইড ভিত্তিক। তাই আপনাকে অনুরোধ জানাচ্ছি ২০১১ সালের পূর্বের বইগুলো আবার ফিরিয়ে আনুন, নবম-দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সামনে সহজবোধ্য এবং জ্ঞান অর্জনের সহায়ক বই উপস্থাপন করুন। প্রয়োজনে উদ্ভট প্রশ্নোত্তর সম্বলিত সৃজনশীল পদ্ধতি বাতিল করুন। পাঠ্যবই ভিত্তিক প্রশ্নপত্র তৈরি করে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিন। জাতি আপনাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মনজুর রহমান শান্ত
নাট্যকার, ঔপন্যাসিক, অনুবাদক
2026 © Amar Dorpon. All Rights Reserved