

নজমুল হক গাজীপুর
টেকসই কৃষি উন্নয়নে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক এবং বাংলাদেশ সোসাইটি অব প্লান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) ড. আব্দুল বাছেত মিয়া। তিনি মনে করেন, গবেষণাগারের জ্ঞানকে কৃষকের মাঠের বাস্তবতার সঙ্গে যুক্ত করতে পারলেই গবেষণার প্রকৃত সুফল মানুষের কাছে পৌঁছানো সম্ভব। বৃহস্পতিবার ২৯ অক্টোবর, দুই দিনব্যাপী (২৯-৩০ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বিএসপিএসটি-এর পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএসপিএসটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রতিপাদ্য 'টেকসই কৃষির জন্য প্লান্ট সায়েন্স ও প্রযুক্তি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ'। সভাপতির বক্তব্যে গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত ড. আব্দুল বাছেত মিয়া আরো বলেন, "টেকসই কৃষি নিশ্চিত করতে উদ্ভিদবিজ্ঞানের গবেষণা ও প্রযুক্তিকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন। গবেষণার অর্জন তখনই সার্থক হবে, যখন তা কৃষকের উৎপাদন, পরিবেশের সুরক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব অবদান রাখবে।" আয়োজকদের তথ্যমতে, বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ৩৫০ জন গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও পেশাজীবী সম্মেলনে অংশ নিয়েছেন। ২০টি কারিগরি অধিবেশনে মোট ২৬৫টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। মৌখিক ও পোস্টার উপস্থাপনা, আমন্ত্রিত বক্তাদের বক্তব্য এবং ভার্চুয়াল উপস্থাপনার মাধ্যমে গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফি উল্লাহ মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আমির হামজা গাজালী। তাঁর মূল প্রবন্ধে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি এবং টেকসই কৃষি উন্নয়নে গবেষণার সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শফিক শহীদ সম্মেলনের একটি টেকনিক্যাল সেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। সম্মেলনের একটি উল্লেখযোগ্য আয়োজন ছিল উদ্ভিদবিজ্ঞান ও কৃষি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট বিজ্ঞানীকে সম্মাননা ও পুরস্কার প্রদান। তাঁদের গবেষণা, উদ্ভাবন এবং উদ্ভিদবিজ্ঞানের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন উদ্ভিদবিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের কৃষিকে আরও উৎপাদনশীল, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। উল্লেখ্য, ড. বাছেত মিয়া বর্তমানে বিপিএসপিএসটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved