

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। কিন্তু দেশের সব মানুষের পক্ষে প্রচলিত শিক্ষাব্যবস্থায় অংশ নেওয়া সম্ভব হয় না। কেউ দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দেন। কেউ জীবিকার তাগিদে কর্মজীবনে প্রবেশ করেন। কেউ আবার ভৌগোলিক দূরত্ব কিংবা পারিবারিক দায়িত্বের কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন। এসব মানুষের জন্য শিক্ষার নতুন দরজা খুলে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। ১৯৯২ সালের ২১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসএসসি থেকে পিএইচডি পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের পাশাপাশি বিদেশেও প্রবাসী বাংলাদেশিদের জন্য শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন।
বাউবির শিক্ষা কার্যক্রমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দেশব্যাপী বিস্তৃতি। গাজীপুরের বোর্ডবাজারে মূল ক্যাম্পাসের পাশাপাশি রয়েছে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্র এবং ১ হাজার ৪৫২টি স্টাডি সেন্টার। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ৭৭৭। একাডেমিক প্রোগ্রাম ৫৫টি। শিক্ষক ও টিউটরের সংখ্যা ২১ হাজার ৩৫০। এসব পরিসংখ্যান বাউবির ব্যাপক কার্যক্রমের পরিচয় বহন করে। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্তৃত শিক্ষা নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা কি সব পর্যায়ে সমানভাবে নিশ্চিত হয়েছে?
শিক্ষার বিস্তার এবং শিক্ষার মান এক বিষয় নয়। একটি বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র থাকলেই তার সাফল্য নিশ্চিত হয় না। এসব কেন্দ্র কতটা কার্যকর, শিক্ষার্থীরা কতটা সহজে সেবা পাচ্ছেন, মাঠপর্যায়ে শিক্ষা কার্যক্রম কতটা নিয়মিত এবং সমস্যার সমাধান কতটা দ্রুত হচ্ছে, সেগুলোই গুরুত্বপূর্ণ। বাউবির ক্ষেত্রেও এই বাস্তবতা বিবেচনায় নিতে হবে।
বাউবির মূল ক্যাম্পাসের রয়েছে কেন্দ্রীয় নীতিনির্ধারণ, একাডেমিক পরিকল্পনা, পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষাসামগ্রী তৈরি, পরীক্ষা পরিচালনা, ফল প্রকাশ এবং প্রশাসনিক তদারকির দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের সাতটি একাডেমিক স্কুল ও ১১টি প্রশাসনিক বিভাগ বিভিন্ন দায়িত্ব পালন করছে। মূল ক্যাম্পাসের পরিকল্পনা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে সারা দেশের শিক্ষা কার্যক্রমের গতি। তাই কেন্দ্রীয় প্রশাসনের দক্ষতা, আধুনিক ব্যবস্থাপনা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মূল ক্যাম্পাসের পরিকল্পনা যেন মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
কারণ বাউবির প্রকৃত কর্মক্ষেত্র শুধু গাজীপুরের মূল ক্যাম্পাস নয়। এর ক্যাম্পাস সারা বাংলাদেশ। প্রত্যন্ত গ্রাম, চরাঞ্চল, হাওর, পাহাড়ি এলাকা, উপকূলীয় জনপদ এবং শহরাঞ্চলের শিক্ষার্থীদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। এই বিশাল কর্মযজ্ঞের প্রধান বাহক ১২টি আঞ্চলিক ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্র। এসব কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি শিক্ষার্থী, টিউটর, সমন্বয়কারী ও স্টাডি সেন্টারের সঙ্গে কাজ করেন। ভর্তি, রেজিস্ট্রেশন, ক্লাস, পরীক্ষা, ফলাফলসংক্রান্ত সমস্যা এবং বিভিন্ন প্রশাসনিক সেবা নিশ্চিত করতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিটি আঞ্চলিক কেন্দ্রের ওপর অনেক বড় দায়িত্ব থাকে। আওতাধীন থাকে বেশ কয়েকটি উপ-আঞ্চলিক কেন্দ্র, হরেক রকম শিক্ষা প্রোগ্রাম, বিপুল সংখ্যক স্টাডি সেন্টার, টিউটর ও শিক্ষার্থী। ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র তার একটি উদাহরণ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই কেন্দ্রের অধীনে ছয়টি উপ-আঞ্চলিক কেন্দ্র, ১৯২টি স্টাডি সেন্টার এবং প্রায় ৫০ হাজার শিক্ষার্থী রয়েছেন। ১৫টি প্রোগ্রামের মাধ্যমে এসব শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। তাঁদের পাঠদানে যুক্ত রয়েছেন প্রায় ২ হাজার ৫৯৮ জন টিউটর। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সমন্বয় করা কোনো ছোট কাজ নয়। অথচ একটি আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক সক্ষমতা, জনবল ও প্রযুক্তিগত সুবিধা যদি শিক্ষার্থীসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেবার মান ধরে রাখা কঠিন।
এখানেই শিক্ষা বিস্তার ও মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে ব্যবধানের প্রশ্নটি সামনে আসে। সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের অবকাঠামো, জনবল, কর্মপরিধি এবং প্রযুক্তিগত সুবিধা এক রকম নয়। কোনো কেন্দ্র নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করছে। কোনো কেন্দ্রের অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকতে পারে। কোথাও বিপুল শিক্ষার্থী সামলাতে হয়। কোথাও যোগাযোগ ও যাতায়াতের সমস্যা রয়েছে। আবার কোথাও প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি থাকতে পারে। এসব সমস্যার সুনির্দিষ্ট চিত্র স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগে রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও প্রকৃত সত্য হলো এই যে, সমস্যাদি সঠিক জায়গায় উপস্থাপিত হওয়ার পরও নানাবিধ কারণে কাঙ্ক্ষিত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়ে উঠছে না। অনুমাননির্ভর সিদ্ধান্ত নয়, তথ্যভিত্তিক পরিকল্পনাই হওয়া উচিত উন্নয়নের ভিত্তি।
জনবল ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। মাঠপর্যায়ের অফিসগুলোতে কাজের পরিমাণ অনেক বেশি। একজন আঞ্চলিক পরিচালককে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি একাধিক একাডেমিক প্রোগ্রাম, পরীক্ষা, স্টাডি সেন্টার এবং শিক্ষার্থীসেবা তদারক করতে হয়। উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদেরও একইভাবে নানা দায়িত্ব পালন করতে হয়। অথচ কাজের পরিমাণ অনুযায়ী জনবল না থাকলে স্বাভাবিকভাবেই সেবার গতি কমে যায়। অনেক ক্ষেত্রে একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব পালন করতে হয়। এতে কাজের চাপ বাড়ে। সেবার মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শিক্ষার্থীসংখ্যা, প্রোগ্রাম, স্টাডি সেন্টার ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনা করে জনবল কাঠামো পুনর্নির্ধারণ করা জরুরি।
আরেকটি বড় সমস্যা হতে পারে প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতা। মাঠপর্যায়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সমস্যার সবচেয়ে কাছাকাছি থাকেন। কিন্তু সব সিদ্ধান্ত যদি মূল ক্যাম্পাস থেকে নিতে হয়, তাহলে অনেক কাজ বিলম্বিত হয়। ছোটখাটো সমস্যার সমাধানেও দীর্ঘ সময় লাগতে পারে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে। তাই নির্দিষ্ট নীতিমালার আওতায় আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে জবাবদিহি ও তদারকির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দায়িত্ব দেওয়া হবে, অথচ প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হবে না—এমন ব্যবস্থা কার্যকর হতে পারে না।
প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোও সময়ের দাবি। দূরশিক্ষণের মূল শক্তি প্রযুক্তি ও নমনীয় শিক্ষা পদ্ধতি। অথচ দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থীর জন্য ইন্টারনেট সুবিধা, স্মার্ট ডিভাইস এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এখনো চ্যালেঞ্জ। তাই শুধু অনলাইন ক্লাস চালু করলেই দায়িত্ব শেষ হবে না। শিক্ষাসামগ্রী সহজে ব্যবহারযোগ্য করতে হবে। অনলাইন ভর্তি, ফি প্রদান, রেজিস্ট্রেশন, পরীক্ষার তথ্য, ফলাফল ও সনদসংক্রান্ত সেবা আরও সহজ করতে হবে। প্রতিটি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পর্যাপ্ত কম্পিউটার, ইন্টারনেট এবং প্রশিক্ষিত জনবল নিশ্চিত করতে হবে।
স্টাডি সেন্টারগুলোর কার্যক্রমের মান নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাউবির শিক্ষার্থীরা মূলত এসব কেন্দ্রের মাধ্যমে পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে অংশ নেন। কিন্তু সব স্টাডি সেন্টারে পাঠদানের পরিবেশ, টিউটরের উপস্থিতি, শ্রেণি কার্যক্রম ও শিক্ষাসামগ্রীর ব্যবহার সমান কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। টিউটরদের প্রশিক্ষণ দিতে হবে। ক্লাসের নিয়মিততা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মতামত নিতে হবে। শুধু পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যাবে না। শিক্ষার্থীরা প্রকৃত অর্থে কী শিখছেন, সেটিই হওয়া উচিত মূল্যায়নের প্রধান মানদণ্ড।
মূল ক্যাম্পাস ও মাঠপর্যায়ের কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানোও জরুরি। মাঠপর্যায়ের সমস্যাগুলো অনেক সময় কেন্দ্রীয় প্রশাসনের কাছে যথাযথভাবে পৌঁছায় না। আবার কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ে কী ধরনের সমস্যা হচ্ছে, সেটিও সব সময় দ্রুত জানা সম্ভব হয় না। এই ব্যবধান দূর করতে নিয়মিত মতবিনিময় সভা, মাঠপর্যায়ের প্রতিবেদন এবং সমন্বিত ডিজিটাল তথ্যব্যবস্থা চালু করা যেতে পারে। আঞ্চলিক পরিচালকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। শুধু দাপ্তরিক চিঠিপত্রের মাধ্যমে একটি বিশাল শিক্ষাব্যবস্থার বাস্তব সমস্যা সমাধান করা সম্ভব নয়।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাজেট ও উন্নয়ন পরিকল্পনাও পুনর্বিবেচনা করা প্রয়োজন। শিক্ষার্থী ও শিক্ষা কার্যক্রমের বিস্তার ঘটলে পরিচালন ব্যয়ও বাড়বে। কিন্তু জনবল, অবকাঠামো, প্রযুক্তি ও প্রশিক্ষণে পর্যাপ্ত বিনিয়োগ না করলে বিস্তৃত নেটওয়ার্কের সুফল পাওয়া যাবে না। তাই মূল ক্যাম্পাসের পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোর জন্য প্রয়োজনভিত্তিক বরাদ্দ নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে শিক্ষার্থী বেশি, সেখানে সক্ষমতা বাড়াতে হবে। যেসব কেন্দ্রে অবকাঠামো দুর্বল, সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে।
বাউবির জন্য একটি সমন্বিত মাঠ প্রশাসন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি। প্রতিটি কেন্দ্রের শিক্ষার্থীসংখ্যা, প্রোগ্রাম, জনবল, অবকাঠামো ও কাজের পরিমাণের তথ্য হালনাগাদ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতে কেন্দ্রভিত্তিক সক্ষমতা নির্ধারণ করতে হবে। সেবার মান যাচাইয়ের জন্য নির্দিষ্ট সূচক তৈরি করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করতে হবে। প্রতি বছর কেন্দ্রগুলোর কার্যক্রম মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা যেতে পারে। এতে দুর্বলতা চিহ্নিত হবে। ভালো কাজের স্বীকৃতিও নিশ্চিত হবে।
সরকারের কাছেও প্রত্যাশা, বাউবির বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া হবে। প্রচলিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক পাল্লায় বাউবিকে বিচার করা ঠিক হবে না। এর শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীর ধরন, প্রশাসনিক কাঠামো এবং মাঠপর্যায়ের দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন। তাই উন্নয়ন পরিকল্পনাও হতে হবে বিশেষায়িত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচিত বাউবির দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা।
বাউবি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়। এটি দেশের লাখ লাখ মানুষের শিক্ষার স্বপ্ন পূরণের প্রতিষ্ঠান। একজন কর্মজীবী মানুষ, একজন গৃহিণী, একজন প্রবাসী কিংবা ঝরে পড়া শিক্ষার্থীর কাছে এই বিশ্ববিদ্যালয় নতুন সম্ভাবনার নাম। তাই এর শিক্ষা বিস্তারকে টেকসই করতে হলে মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
বাউবির অর্জনকে অস্বীকার করার সুযোগ নেই। একই সঙ্গে সীমাবদ্ধতাগুলোও উপেক্ষা করা যাবে না। শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার্থীসেবার উন্নয়ন নিশ্চিত করতে হবে। ১২টি আঞ্চলিক কেন্দ্র ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রকে কেবল দাপ্তরিক কাঠামো হিসেবে নয়, শিক্ষার কার্যকর সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। মূল ক্যাম্পাস হবে পরিকল্পনা, গবেষণা ও মান নিয়ন্ত্রণের কেন্দ্র। মাঠপর্যায়ের অফিসগুলো হবে শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার্থীসেবার প্রাণকেন্দ্র।
মনে রাখতে হবে, শিক্ষা বিস্তার একটি বড় অর্জন। কিন্তু সেই বিস্তারকে কার্যকর ও মানসম্মত সেবায় রূপান্তর করাই প্রকৃত সাফল্য। বাউবির সামনে এখন সেই চ্যালেঞ্জ।
লেখক: অধ্যাপক (কৃষি) ও সাবেক ডিন, কৃষি ও পল্লী উন্নয়ন অনুষদ এবং সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2026 © Amar Dorpon. All Rights Reserved