

মাহফুজুর রহমান ইকবাল, স্টাফ রিপোর্টার
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ৩৫০টি জামগাছের চারা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যকে সামনে রেখে নিজ অর্থায়নে এ ব্যতিক্রমী উদ্যোগ নেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম মোড়ল শামীম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা স্টুডেন্ট কেয়ার স্কুলে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, শুধু চারা বিতরণ নয়, শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার সঙ্গে যুক্ত করে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজক মোক্তারুল করিম মোড়ল শামীম বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার বিষয়ে উৎসাহিত করা হলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করে বড় করে তুলতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে। ‘একটি চারা একটি ভবিষ্যৎ’—এই প্রত্যয়কে সামনে রেখে সবুজ ও পরিবেশবান্ধব শ্রীপুর গড়ে তুলতে এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
2026 © Amar Dorpon. All Rights Reserved