

মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার প্রত্যয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৭৬-কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জাতীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল গফুর।
অনুষ্ঠিত সভায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা, বর্তমান চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক ও চিকিৎসা ব্যবস্থাপনার গতিশীলতা আনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ডা. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম এবং কমিটির সদস্য ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিরুল ইসলাম মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতি ও অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সাধারণ ও প্রান্তিক মানুষ যেন সরকারি এই স্বাস্থ্যকেন্দ্র থেকে নির্বিঘ্নে শতভাগ চিকিৎসাসেবা পেতে পারে, সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। হাসপাতালের সার্বিক পরিবেশ বজায় রাখা এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
2026 © Amar Dorpon. All Rights Reserved