

প্রতিবেদক: মোঃ রাকিব হোসেন, সৌদি আরব
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের প্রকাশিত ‘অতি জরুরি বিজ্ঞপ্তিতে’ প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে চলমান পরিস্থিতি-সংক্রান্ত ছবি, ভিডিও ও তথ্য প্রচারে সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি-ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশে সতর্কতা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ।
এ পরিপ্রেক্ষিতে প্রবাসীদের ফেসবুক, ইউটিউব, এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি-সম্পর্কিত ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।একই সঙ্গে এসব ছবি, ভিডিও ও তথ্য মুঠোফোনে সংরক্ষণ এবং অন্যের সঙ্গে আদান-প্রদান না করার জন্যও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি চলমান পরিস্থিতিতে সতর্ক থাকা এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হটলাইন নম্বরগুলো হলো—শ্রমসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫,পাসপোর্টসংক্রান্ত টোল-ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬,ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪,মৃত্যুসংক্রান্ত জরুরি হটলাইন: +৯৬৬৫৬৭০২১১৮০,নিয়মিত আপডেট পেতে দূতাবাসের ফেসবুক পেজ অনুসরণের আহ্বান।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য ও পরবর্তী নির্দেশনা জানতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ: https://www.facebook.com/bdembassyriyadh
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি দূতাবাসের নির্দেশনা অনুসরণ, সতর্কতা অবলম্বন এবং যাচাইবিহীন তথ্য বা গুজব প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved