

মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৬ মে (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় ভেড়ামারা উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের সামনে এই অভিযান চালানো হয়।
অভিযানে যথাযথ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ জন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা প্রাপ্ত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত। অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মিরপুরের খাড়াল্লা এলাকার মোঃ ইমাম হোসেন রাব্বি (১৮) ১,০০০ টাকা, ধরমপুরের সাতবাড়ীয়ার মোঃ আসিফ (২০) ৫০০ টাকা, ভেড়ামারার রামচন্দ্রপুরের মোঃ বকুল গাজী (৪০) ৫০০ টাকা, দৌলতপুরের মাদিয়ার মোঃ শুভ (১৮) ৫০০ টাকা এবং দুর্গাপুরের মোঃ শিশির আহম্মেদ (২২) ১,০০০ টাকা। আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলে অভিযুক্তরা ঘটনাস্থলেই নিজেদের ভুল স্বীকার করেন।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি সাধারণ জনগণকে আইন মেনে রাস্তায় চলাচল করার আহ্বান জানান এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved