

আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই, ২০২৬) দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এবং শ্রীপুর উপজেলা সদরের কয়েকটি দোকানে এই অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর-এর ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।
জনসেবা ঔষধালয় (শ্রীপুর সদর): ২০,০০০ টাকা, মা-বাবা মেডিকেল কর্ণার (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ১৫,০০০ টাকা, তাওহীদ ড্রাগ হাউজ (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ১৫,০০০ টাকা
প্রত্যাশা মেডিকেল হল (শ্রীপুর সদর): ১০,০০০ টাকা , নুর ফার্মেসি (শ্রীপুর সদর): ১০,০০০ টাকা
জয়নাল মেডিকেল হল (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ৫,০০০ টাকা,তারেক মেডিকেল হল (শ্রীপুর সদর): ৫,০০০ টাকা ।
অভিযানকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুতসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘শ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
2026 © Amar Dorpon. All Rights Reserved