

মোঃ রুমি শরীফ পটুয়াখালী প্রতিনিধি
পাওনাদারদের ফাঁসাতে কথিত অপহরণের নাটক সাজিয়ে সাড়ে চার বছর আত্মগোপনে থাকার অভিযোগে আঃ মান্নান প্যাদা (৭০) নামে এক ব্যক্তিকে মাদারীপুরের কালকিনি থেকে উদ্ধার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, ২০২২ সালে বরগুনার তালতলী থেকে নিখোঁজ হওয়ার পর তাঁর ছেলে পটুয়াখালী সদর থানায় জিডি করেন। পরে পাওনাদারদের বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা দায়ের করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত ১টার দিকে কালকিনি এলাকার একটি বেদে পল্লী থেকে আঃ মান্নান প্যাদাকে উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ব্যবসায়িক দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে পাওনাদারদের বিরুদ্ধে মামলা দিতে তিনি আত্মগোপনে যান। এ সময় দেশের বিভিন্ন মাজার ও এলাকায় ছদ্মবেশে অবস্থান করেন।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়ার পর তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved