

আশিকুর রহমান সবুজ, গাজীপুর
কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় পৌঁছালেও শেষ রক্ষা হলো না গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দুই হেভিওয়েট নেতার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাঁদের গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ এবং শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখ। শুক্রবার বিকেলে বিমানবন্দর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুলিশের কাছে তথ্য ছিল যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা বিমানবন্দরে নামবেন। দুপুর সাড়ে ১টায় ফ্লাইটটি অবতরণ করার পরই অভিযান চালিয়ে দুই নেতাকে হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলার সত্যতা ও পরোয়ানা নিশ্চিত হয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে এবং জাহাঙ্গীর আলম শেখ উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে।অভিযানের সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, "তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।"
এদিকে, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের নিজেদের হেফাজতে নিতে বিমানবন্দর থানায় শ্রীপুর পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে শ্রীপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
2026 © Amar Dorpon. All Rights Reserved