

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে মাওনা হাইওয়ে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এই অভিযান চালানো হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মহাসড়কে নিষিদ্ধ ও অবৈধভাবে চলাচলের দায়ে ১০টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, “মহাসড়কে যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা রোধে নিষিদ্ধ ঘোষিত তিন চাকার যানবাহন চলাচল বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
এরই ধারাবাহিকতায় আজ মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মহাসড়কে প্রবেশের দায়ে ১০টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
2026 © Amar Dorpon. All Rights Reserved