

নিজস্ব প্রতিবেদক :
নাশকতা প্রতিরোধে সাহসিকতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করায় আনসার কমান্ডার মো. ওমর ফারুককে পুরস্কৃত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।সোমবার (২৩ নভেম্বর) বাহিনীর সদর দপ্তরে তাঁকে ডেকে এ পুরস্কার প্রদান করা হয়।
জানা গেছে, গত ২১ নভেম্বর গভীর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখায় মুখোশধারী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের মূল ফটকের ভেতরে আগুন ধরে যায়। এ সময় দায়িত্বে থাকা ইউনিয়ন আনসার কমান্ডার মো. ওমর ফারুক ও কাকৈরগড়া ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আলী দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওমর ফারুকের হাতের আঙুল পুড়ে ফোস্কা পড়ে। তবুও তিনি দায়িত্ব থেকে পিছপা হননি। তাঁদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি। পরে দুর্বৃত্তদের ধাওয়া করে তাদের ফেলে যাওয়া আরও একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেন তাঁরা।
পুরস্কার প্রদানকালে মহাপরিচালক ওমর ফারুকের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে এমন সাহসিকতা ও নিষ্ঠা বাহিনীর জন্য গর্বের বিষয়। এ ধরনের দৃষ্টান্ত জননিরাপত্তা রক্ষায় অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে।
বাহিনীর শৃঙ্খলা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি প্রদানেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ধরনের স্বীকৃতি সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বাড়াতে ভূমিকা রাখবে।
2026 © Amar Dorpon. All Rights Reserved