

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ৬০ বস্তা সারবোঝাই তিনটি অটোরিকশা আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থল থেকে ৪৫ বস্তা সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জব্দ করা সারের মধ্যে ৩০ বস্তা ডিএপি ও ১৫ বস্তা এমওপি সার রয়েছে। বস্তাগুলোতে বিএডিসির লোগো থাকলেও সেগুলোর উৎস শনাক্ত করা যায়নি। বাকি ১৫ বস্তা সার এক কৃষকের কলাবাগানে রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষক আতিকুর রহমান বলেন, ‘বিভিন্ন জায়গায় ঘুরেও সার পাইনি। পরে বদনীভাঙ্গা এলাকার মফিজের কাছে নগদ টাকা দিয়ে সার অর্ডার করি। আজ সকালে তিনটি অটোরিকশায় ৬০ বস্তা সার নিয়ে যাচ্ছিলাম।’তবে সার ডিলার মফিজ বলেন, ‘এগুলো আমার সার নয়। কৃষি কর্মকর্তা রেকর্ড মিলিয়ে আমার নামে কোনো তথ্য পাননি।’
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা বলেন, ‘সারগুলো শ্রীপুরের কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বস্তায় কৃষি বিভাগের ক্যান নম্বর পাওয়া যায়নি। কোন ডিলারের কাছ থেকে সারগুলো নেওয়া হয়েছে, সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, ‘ঘটনাস্থল থেকে ৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে। উপজেলা সার মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ ঘটনায় সারের উৎস ও পরিবহনের বৈধতা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
2026 © Amar Dorpon. All Rights Reserved