

রিয়াজুল হক সাগর, রংপুর
‘সমাজ প্রগতির জন্য শিল্প সাহিত্য’—এই প্রত্যয়কে ধারণ করে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনী, রংপুরের যৌথ আয়োজনে বার্ষিক কবি-লেখক মিলনমেলা ২০২৬।শুক্রবার (৬ নভেম্বর) রংপুর পিটিআই মিলনায়তনে আয়োজিত এ মিলনমেলায় শতাধিক কবি, লেখক, সাহিত্য-সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আলোচনা, স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠ, স্মারকপত্রিকা এবং সনদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি ঘটে।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি প্রকৌশলী আব্দুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও সমাজসেবক অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেনজু। অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মোছাম্মৎ ছামছিয়া আখতার বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সংগঠক ডা. মফিজুল ইসলাম মান্টু, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সহসভাপতি কবি, লেখক ও উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, কবি ও সংগঠক আহসানুল হাবিব মন্ডল, কাসেম ইয়াসবীর, অধ্যাপক মাহমুদা চৌধুরী, স্বাত্তিক শাহ আল মারুফ, আহসান হাবিব রবু, অহিদুল ইসলাম, সাংবাদিক বদরুদ্দোজা বুলু, কবি ও লেখক ফজলে ফিরোজ এবং খেয়ালী মোস্তফা।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ক্যান্সারের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াইরত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি, লেখক ও সংগঠক নাসরিন নাজের অডিও বক্তব্য প্রচার। তাঁর বক্তব্য উপস্থিত কবি-লেখক ও অতিথিদের মধ্যে আবেগ ও অনুপ্রেরণার সঞ্চার করে। প্রতিকূলতার মধ্যেও সাহিত্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি তাঁর ভালোবাসা ও প্রত্যয় উপস্থিত সবার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
মিলনমেলায় অংশগ্রহণকারী কবি-লেখকরা তাঁদের স্বরচিত কবিতা, গল্প ও সাহিত্যকর্ম পাঠ করেন। পাশাপাশি সাহিত্যচর্চার বিকাশ, সমাজ পরিবর্তনে শিল্প-সাহিত্যের ভূমিকা, সৃজনশীল চিন্তার প্রসার এবং লেখক-কবিদের পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। স্মারকপত্রিকা ও সনদ বিতরণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
আয়োজকদের মতে, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং সমাজকে আলোকিত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মননশীল সমাজ গঠনের অন্যতম শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ নিয়মিত সাহিত্য-সংস্কৃতির চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছে।
শতাধিক কবি-লেখকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিলনমেলা পরিণত হয় সাহিত্যপ্রেমী মানুষের এক আন্তরিক মিলনক্ষেত্রে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতে দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক আবু নাসের সিদ্দিক তুহিন।
2026 © Amar Dorpon. All Rights Reserved