

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হয়ে আসছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।
নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। ফলে সোমবার থেকে ভোক্তারা সংশোধিত দামে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন কিনবেন।
সরকারের এ সিদ্ধান্তের ফলে পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে মূল্য সমন্বয়ের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানি তেলের দামের সামঞ্জস্য রাখার চেষ্টা করা হচ্ছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved