

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আজ ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাউবির উপাচার্যের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তির সংখ্যার বিবেচনায় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত, দূরশিক্ষণ ও নমনীয় পদ্ধতিতে শিক্ষা প্রদানে দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্র ও প্রায় ১,৫০০টি স্টাডি সেন্টারের মাধ্যমে বাউবি শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে। সাতটি স্কুলের অধীনে বহুমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি গবেষণা, পিএইচডি প্রোগ্রাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বিশ্ববিদ্যালয়টি কাজ করছে। তিনি IIUM-এর সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একটি ফলপ্রসূ, টেকসই ও পারস্পরিক সহযোগিতামূলক একাডেমিক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন”। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IIUM এর ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, IIUM অফিস অব দ্য স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশন এর প্রিন্সিপাল ডিরেক্টর প্রফেসর ড. শুকরান বিন আবদ রহমান এবং IIUM অফিস অব দ্য ডেপুটি রেক্টর এর স্পেশাল অফিসার ও সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, উপাচার্যের একান্ত সচিব ও প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
2026 © Amar Dorpon. All Rights Reserved