

শ্রীপুর ( গাজীপুর ) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা আবদুল জলিল।সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় আবদুল জলিল উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান। ভোরের ঘন কুয়াশা উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শ্রীপুরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved