শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবেশগত ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়নে এসেছে এক নতুন মাত্রা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালটি এখন কেবল চিকিৎসা কেন্দ্র নয়, বরং এক পরিচ্ছন্ন ও নান্দনিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে প্রতিষ্ঠানটি এখন স্থানীয় সাধারণ মানুষের জন্য আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ডাঃ শফিকুল ইসলামের নেতৃত্বে হাসপাতালের পরিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে যুগান্তকারী কিছু পদক্ষেপ। হাসপাতালের চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন; পরিবেশ দূষণ রোধে স্থাপন করা হয়েছে আধুনিক ইনসিনারেটর। এর ফলে এখন চিকিৎসা বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ধ্বংস করা সম্ভব হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত জরুরি।
হাসপাতালের সৌন্দর্যবর্ধন ও দখলমুক্তকরণ কার্যক্রমেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। দীর্ঘদিনের বেদখল হয়ে থাকা হাসপাতালের সামনের ফুটপাত উদ্ধার করে সেখানে তৈরি করা হয়েছে সুসজ্জিত ফুলের বাগান। এছাড়া বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে নিয়মিত ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ফলে হাসপাতাল চত্বর এখন বর্ষাকালেও থাকছে কর্দমমুক্ত ও পরিষ্কার।
হাসপাতালের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে ডাঃ শফিকুল ইসলাম বলেন, “একটি হাসপাতালের পরিবেশ যদি স্বাস্থ্যসম্মত ও সুন্দর হয়, তবে অর্ধেক রোগ এমনিতেই কমে যায়। আমরা কেবল রোগীদের চিকিৎসা দিচ্ছি না, বরং হাসপাতালের সামগ্রিক পরিবেশকে একটি মডেল স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।”
তবে আধুনিক চিকিৎসাসেবা শতভাগ নিরবচ্ছিন্ন রাখতে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। হাসপাতালটিতে জরুরি সেবা কার্যক্রম, অপারেশন থিয়েটার এবং ওয়ার্ডগুলোর জন্য ৩টি উচ্চক্ষমতাসম্পন্ন আইপিএস (IPS) অত্যন্ত জরুরি। বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি অস্ত্রোপচার এবং রোগীদের জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করতে এই সরঞ্জামগুলো অপরিহার্য। স্থানীয় প্রশাসন, বিত্তবান ব্যক্তি কিংবা দাতাসংস্থাগুলো যদি এই বিষয়টি গুরুত্ব দিয়ে এগিয়ে আসেন, তবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
হাসপাতালের এই রূপান্তর ও অগ্রগতির ধারা দেখে সেবা নিতে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ডাঃ শফিকুল ইসলামের দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কারণেই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ জেলার অন্যতম একটি পরিচ্ছন্ন ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।

Leave a Reply