
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ১০০ জন অসহায়, দুঃস্থ ও দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন ও উন্নত চিকিৎসার মহতী উদ্যোগ নিয়েছেন সমাজসেবক ও সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোসিঙ্গা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ চালাচ্ছেন।
শফিকুল ইসলাম ভূঁইয়া বর্তমানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ভূঁইয়া করোনাকালীন সংকটে শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে এলাকার মানুষের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও পানির পাম্প বিতরণসহ গৃহহীনদের ঘর নির্মাণ করে দিয়েছেন। নিয়মিতভাবে রমজান ও ঈদে খাদ্য সামগ্রী বিতরণ, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা এবং মেধাবী কিন্তু গরীব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহনসহ নানা মানবিক কাজ করে তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন।
তারই ধারাবাহিকতায় এবার তিনি সম্পূর্ণ নিজস্ব খরচে এলাকার ১০০ জন দৃষ্টিহীন ও চোখের সমস্যায় ভোগা দরিদ্র মানুষের ছানি অপারেশন ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন, যাতে তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
এই মানবিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেই আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাচ্ছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দেন, তবে জনগণের পাশে থেকে গোসিঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান অঙ্গীকার।” একই সাথে তিনি গোসিঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

Leave a Reply