
নজমুল হক গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের (ডুয়েট সিআরসি) যৌথ উদ্যোগে “রিসার্চ এক্সেলেন্স, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, অ্যান্ড হায়ার এজুকেশন : পাথওয়েজ টু গ্লোবাল অপরচুনিটিজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ই জুলাই ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড রিসার্চ প্রফেসর এবং রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজির প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডুয়েট সিআরসি’র সভাপতি হাসানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, “বিশ্বায়নের এই যুগে আমাদের শিক্ষার্থী ও গবেষকদের বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ ˆতরি করে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। ডুয়েট প্রতিষ্ঠার পর থেকেই মানসম্পন্ন প্রকৌশল গ্র্যাজুয়েট তৈরি এবং প্রকৌশল ও প্রযুক্তিগত বিষয়ে গবেষণা ও উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখুক। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।”
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের সেমিনার ডুয়েটের গবেষণা সংস্কৃতি বিকাশে এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আমাদের শিক্ষার্থীরা যাতে বৈশ্বিক গবেষণার সুযোগ কাজে লাগাতে পারে, সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রফেসর ড. সাইদুর রহমানের মতো বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় আমাদের শিক্ষার্থী ও গবেষকদের জন্য অত্যন্ত মূল্যবান পাথেয় হিসেবে ভূমিকা রাখবে।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. সাইদুর রহমান গবেষণা উৎকর্ষ অর্জনে আন্তর্জাতিক নেটওয়ার্কিং, যৌথ গবেষণা প্রকল্প ও বৈশ্বিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা দেন।
আইকিউএসি’র পরিচালক এবং সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান তার বক্তব্যে বলেন, “মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। এই সেমিনার আমাদের শিক্ষার্থী ও গবেষকদের ˆবশ্বিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হবে।’’ সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে শিক্ষার্থীরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা বৃত্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং কী-নোট স্পিকার সেগুলোর উত্তর দেন। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply