জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 নজমুল হক,গাজীপুরঃ


সারাদেশে অধিভুক্ত কলেজগুলোর লাখ লাখ শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার পথ সুগম করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আইডিপি বাংলাদেশের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন্সটিটিউটের কো-অর্ডিনেটর মো: সাইফুল ইসলাম শাহীন, বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলাম। 


 আইডিপি এডুকেশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইইএলটিএস অপারেশনস ইলোরা শাহাব শর্মি, অস্ট্রেলিয়া সরকারের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশনের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান, আইডিপি এডুকেশন বাংলাদেশের স্ট্রাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমেনুর রহমান মইন, হেড অব মার্কেটিং মোহাম্মদ শিহাব তালুকদার, হেড অব সেলস এন্ড অপারেশন আনোয়ার হোসেন প্রমুখ। এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষা, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অভিগম্যতা এবং বৈশ্বিক ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করে দেওয়া। এই চুক্তির অধীনে আইডিপি বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ সহায়তা, সঠিক গাইডলাইন এবং আইইএলটিএস (IELTS) প্রস্তুতি ও পরীক্ষা সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদান করবে।
 অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং তাদের কাজের সুযোগ সম্প্রসারণে এই সমঝোতা স্মারক একটি সময়োপযোগী পদক্ষেপ। আইডিপি এডুকেশনের সাথে এই অংশীদারিত্বের ফলে আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা পাবে।” আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর রাজিব মাহবুবুল বলেন, “বিশ্বজুড়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে আইডিপি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিশাল শিক্ষার্থী গোষ্ঠীর সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।”উল্লেখ্য, সমঝোতা স্মারকের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, এডুকেশন ফেয়ার এবং আইইএলটিএস বিষয়ক সচেতনতামূলক সেশনের আয়োজন করবে, যা সরাসরি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published.