স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারী উদ্যোগ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ- গাকৃবি উপাচার্য

স্বনির্ভর বাংলাদেশ গড়ার সরকারী উদ্যোগ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ- গাকৃবি উপাচার্য

নজমুল হক,গাজীপুর


প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ পালিত হয়েছে। ৬ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এর আগে গত ১১ জুলাই ২০২৬ সামার টার্মে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাকৃবিতে যোগ দিতে এসে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সবুজায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে আজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ বৃক্ষরোপণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট আবাসিক হলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় শহীদ তাজউদ্দীন আহমদ হলে। এরপর পর্যায়ক্রমে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে বৃক্ষরোপণ করা হয়। প্রতিটি হল প্রাঙ্গণে উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষের চারা রোপণ কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, সংশ্লিষ্ট হলসমূহের প্রভোস্টবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। কৃষি, পরিবেশ ও মানুষের কল্যাণকে সমন্বিত করে সরকার ঘোষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।” বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকলের সমবেত অংশগ্রহণে কর্মসূচিটি রূপ নেয় একটি সম্মিলিত সবুজ-অঙ্গীকারে। উল্লেখ্য, জুলাই ‘২৪-এর গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতি ও চেতনাকে চির অম্লান রাখা এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ৫০ বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের অংশ হিসেবেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভেষজ ও ফুলজাতীয় বৃক্ষের চারা রোপণ করেছে।

Leave a Reply

Your email address will not be published.