রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাজশাহীতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে চুরি চক্রের ৮ সদস্য গ্রেফতার

লিয়াকত হোসেন রাজশাহী

রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টির ‘কারুশ্রী জুয়েলার্সে’র চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জড়িত আন্তর্জাতিক ধাঁচের সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্য এবং চুরি করা মালামাল ক্রয়কারী ১ জন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও খুলনা থেকে অভিযানে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রূপা এবং চোরাই মালামাল বিক্রির নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির বিশেষ দল অভিযান চালিয়ে খুলনা থেকে চক্রের অন্যতম সদস্য মো. রুস্তম আলী শেখকে (৬৪) গ্রেপ্তার করে। পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জন—স্বপন (৬২), উজ্জল (৩৭), রিয়াজ ওরফে সুমন (৩৯), আবু তালেব (৫৪), মো. কালাম শেখ (৪৮) এবং ইউনুসকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল কেনার সাথে জড়িত স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী রবিউল অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়,গত ১৯ জুন ভোরে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি চোরের দল সাহেববাজার এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্সের সামনে হকারি করার ছলে কৃত্রিম জটলা তৈরি করে। পরবর্তীতে কৌশল অবলম্বন করে তারা পাশের একটি দোকানের তালা খুলে ভেতরে ঢোকে এবং কারুশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোরের দলটি সিন্দুক থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রূপা, ৩ বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। আরএমপির ডিবি, সাইবার ইউনিট এবং সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে তদন্ত চালিয়ে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায় , চুরির সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.