
রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসাম অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি সেবাকে আরও গতিশীল করতে লাকসাম থানায় একটি নতুন গাড়ি উপহার দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এমপি তাঁর নিজস্ব অর্থায়নে কেনা এই গাড়িটি আনুষ্ঠানিকভাবে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গাড়ি হস্তান্তরকালে সংসদ সদস্য আবুল কালাম থানার অভ্যন্তরীণ অবকাঠামো নির্মাণ ও সৌন্দর্যবর্ধনে সার্বিক উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “পুলিশ প্রশাসন যেন সাধারণ জনগণের সেবায় শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।” একই সঙ্গে থানাকে যেকোনো ধরনের দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দৃঢ় আশ্বাস দেন তিনি।
থানা প্রাঙ্গণে আয়োজিত এই গাড়ি হস্তান্তর ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান (পিপিএম) এবং লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

Leave a Reply