টঙ্গী পূর্ব থানায় ৪০ দিনে ৪১৯ গ্রেপ্তার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

টঙ্গী পূর্ব থানায় ৪০ দিনে ৪১৯ গ্রেপ্তার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি


অপরাধ দমনে ধারাবাহিক অভিযান জোরদার করেছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলমের নেতৃত্বে গত ৪০ দিনে বিভিন্ন মামলায় ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ছিনতাই মামলায় ৫৮ জন, মাদক মামলায় ৩৬ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৪২ জন এবং অন্যান্য মামলায় ১৮৩ জন রয়েছেন। অভিযানকালে ৫৭২ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১৮ কেজি গাঁজা, ২২ গ্রাম হেরোইন ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, ছিনতাই, মাদক কারবার, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল ও সন্দেহভাজনদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


ওসি মাকছুদুল আলম বলেন, অপরাধী যতই প্রভাবশালী বা শক্তিশালী হোক, অপরাধ করে কেউ আইনের আওতা থেকে রেহাই পাবে না। অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ছিনতাই ও মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।পুলিশের অভিযানের কারণে অপরাধে জড়িত অনেকেই আত্মগোপনে রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে আত্মগোপনে থাকা অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত টঙ্গীতে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টঙ্গী পূর্ব থানা। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.