
আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে আন্তর্জাতিক প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধনে আন্তর্জাতিক প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি আরিফুল ইসলাম মুরাদ, বিভাগীয় সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুকুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ রাসেল ফকির, মহানগর কমিটির সভাপতি আব্দুল মান্নান এবং মহানগর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপস্থিত থেকে নেতৃত্বের ভূমিকা পালন করেন।
আরো বক্তব্য রাখেন একুশের বাণী পত্রিকার ময়মনসিংহ ব্যুরোচীফ শাহ সুলতান রঞ্জু, দেশের ডাক পত্রিকা প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়।
কর্মসূচীতে আন্তর্জাতিক প্রেস ক্লাবের মূল নেতৃত্বের পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সংবাদকর্মীরা অংশ নেন। উপস্থিত সাংবাদিকগণ তাঁদের পেশাগত সুরক্ষা ও বিভিন্ন সামাজিক দাবির সপক্ষে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন শেষে আন্তর্জাতিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার আদায় ও সমাজসেবামূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply